Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের ৬৫ শতাংশ কোটিপতি: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই কোটিপতি এবং উচ্চশিক্ষিত—এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, নির্বাচন কমিশনে জমা দেওয়া ৪৯ জন মনোনীত প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ কোটিপতি। পাশাপাশি ৬৩ শতাংশের বেশি প্রার্থী স্নাতকোত্তর বা তার চেয়েও উচ্চতর ডিগ্রিধারী।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতায় সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। এই আসনে স্নাতকোত্তর ও তদূর্ধ্ব ডিগ্রিধারী প্রার্থীর হার ৬৩.৩ শতাংশ, যেখানে নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষেত্রে এই হার ৫০.৭ শতাংশ। সার্বিকভাবে সরাসরি ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনসহ সকল সদস্যের মধ্যে ৫২.৬৩ শতাংশই স্নাতকোত্তর ও তদূর্ধ্ব ডিগ্রিধারী।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ২৭ শতাংশ স্নাতক এবং ৪.১ শতাংশ উচ্চমাধ্যমিক পাশ। স্বশিক্ষিত প্রার্থীর হার ৪.১ শতাংশ এবং মাধ্যমিক পাশ প্রার্থীর হার ২.১ শতাংশ।

টিআইবির বিশ্লেষণ অনুযায়ী, সংরক্ষিত আসনের প্রার্থীদের বড় অংশই সম্পদশালী। ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্যমান অনুযায়ী কোটিপতি। তাদের মধ্যে আবার আলাদাভাবে অস্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ২৫ জন এবং স্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ১৪ জন।

দলীয় ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা বিশ্লেষণ করে সংস্থাটি দেখেছে, বিএনপির ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৬ জন (৭২ দশমিক ২২ শতাংশ) এবং জামায়াতে ইসলামীর ৯ জন প্রার্থীর মধ্যে ৫ জন (৫৬ শতাংশ) কোটিপতি। এ ছাড়া জাগপার একমাত্র প্রার্থীও কোটিপতি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ