Views Bangladesh Logo

এআই সম্পর্কে জানেন না বাংলাদেশের ৬৪.২ শতাংশ মানুষ, ব্যবহারকারী ১০ শতাংশ

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে সচেতনতা ও ব্যবহারের ক্ষেত্রে জরিপে অন্তর্ভুক্ত ৩৭টি দেশের মধ্যে পেছনের সারিতে রয়েছে বাংলাদেশ। দেশের ৬৪ দশমিক ২ শতাংশ মানুষ এআই সম্পর্কে কখনো শোনেননি। অন্তত একবার এই প্রযুক্তি ব্যবহার করেছেন মাত্র ১০ দশমিক ১ শতাংশ। শুধু ব্যবহারেই নয়, এআই দেশের জন্য সুফল বয়ে আনবে—এমন প্রত্যাশার ক্ষেত্রেও জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে বাংলাদেশের অবস্থান।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। জরিপের প্রথম ধাপে বাংলাদেশসহ ৩৭টি দেশের তথ্য প্রকাশ করা হয়েছে। শেষ পর্যন্ত বিশ্বের ১৪০টি দেশে এ গবেষণা পরিচালনার পরিকল্পনা রয়েছে।

গ্যালাপের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশের ২৫ দশমিক ৭ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানেন, তবে কখনো ব্যবহার করেননি। অন্তত একবার ব্যবহার করেছেন ১০ দশমিক ১ শতাংশ। তাঁদের মধ্যে প্রতিদিন এআই ব্যবহার করেন ১ দশমিক ৮ শতাংশ, সপ্তাহে এক বা একাধিকবার ৩ দশমিক ৪ শতাংশ এবং মাসে একবার বা তার চেয়ে কম ব্যবহার করেন ৪ দশমিক ৯ শতাংশ।

এআই সম্পর্কে সচেতনতা ও ব্যবহারের সামগ্রিক বিবেচনায় ৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে চতুর্থ। বাংলাদেশের নিচে রয়েছে মালাউই, আফগানিস্তান ও কোমোরোস। তবে আফগানিস্তান ও কোমোরোসের সঙ্গে বাংলাদেশের ব্যবধান জরিপের ত্রুটিসীমার মধ্যে হওয়ায় দেশগুলোর প্রকৃত ব্যবহারের হার কাছাকাছি হতে পারে।

এআইয়ের সুফল নিয়েও সংশয়
জরিপে শুধু এআই ব্যবহারের হার নয়, প্রযুক্তিটি ভবিষ্যতে মানুষের জীবন ও দেশের ওপর কী প্রভাব ফেলবে, সে বিষয়েও মতামত নেওয়া হয়েছে। সেখানেও বাংলাদেশের মানুষের আশাবাদ তুলনামূলকভাবে কম।

জরিপে অংশ নেওয়া বাংলাদেশিদের মাত্র ৩৪ শতাংশ মনে করেন, এআই মূলত দেশের জন্য উপকারী হবে। ৩৭টি দেশের মধ্যে এই হার সর্বনিম্ন। ৩২ দশমিক ৫ শতাংশ মনে করেন, এআই তাঁদের দৈনন্দিন জীবনকে আরও ভালো করবে।

অন্যদিকে সিঙ্গাপুরে ৯৬ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানেন। দেশটির ৪৫ দশমিক ৯ শতাংশ মানুষ প্রতিদিন এই প্রযুক্তি ব্যবহার করেন। এআই ব্যবহারের হারেও ৩৭ দেশের মধ্যে শীর্ষে রয়েছে দেশটি।

জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে এআই সম্পর্কে সচেতনতার মধ্যক হার ৮১ শতাংশ। অন্তত একবার এআই ব্যবহার করেছেন—এমন মানুষের মধ্যক হার ৪৩ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের সচেতনতা ও ব্যবহারের হার এই মধ্যক হারের তুলনায় অনেক কম।

উন্নয়নশীল কয়েকটি দেশের সঙ্গেও বাংলাদেশের ব্যবধান উল্লেখযোগ্য। ভিয়েতনামে অন্তত একবার এআই ব্যবহার করেছেন ৪৩ শতাংশ মানুষ। ইন্দোনেশিয়ায় এই হার ২৯ শতাংশ, কেনিয়ায় ২৩ শতাংশ এবং মিসরে ২২ শতাংশ।

মাইক্রোসফটের হিসাবেও কম ব্যবহার

এআই ব্যবহারের নিম্ন হার নিয়ে গ্যালাপের জরিপের সঙ্গে মাইক্রোসফটের আরেকটি মূল্যায়নেও একই ধরনের চিত্র পাওয়া গেছে। মাইক্রোসফটের এআই ইকোনমি ইনস্টিটিউটের হিসাবে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশের ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের মাত্র ৮ শতাংশ জেনারেটিভ এআই ব্যবহার করেছেন। একই সময়ে বিশ্বব্যাপী এই হার ছিল ১৮ দশমিক ৮ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে জেনারেটিভ এআই ব্যবহারের হার ১৮ দশমিক ৫ শতাংশ, নেপালে ১৪ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানে ১১ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশের চেয়ে কম হার রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানে।

গ্যালাপের জরিপ ও মাইক্রোসফটের মূল্যায়নের পদ্ধতি এক নয়। গ্যালাপ মানুষের কাছ থেকে সরাসরি মতামত নিয়েছে। মাইক্রোসফটের হিসাব তৈরি হয়েছে তাদের পণ্য ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে।

ইন্টারনেট ও দক্ষতার সীমাবদ্ধতা
এআই ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারবিষয়ক জরিপ অনুযায়ী, দেশের ৫৬ শতাংশের বেশি পরিবারের অন্তত একজন সদস্য ইন্টারনেট ব্যবহার করেন। অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক পরিবার এখনো ইন্টারনেট ব্যবহারের বাইরে রয়েছে।

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যেও ডিজিটাল দক্ষতার ঘাটতি রয়েছে। বিবিএসের ২০২৪-২৫ সালের জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মাত্র ১৫ শতাংশ ফাইল স্থানান্তর করতে পারেন।

এদিকে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বাংলা ভাষাভিত্তিক নিজস্ব এআই প্রযুক্তি তৈরির উদ্যোগ নিয়েও কাজ চলছে।

জরিপে বাংলাদেশের মানুষের এআই সম্পর্কে কম জানা বা ব্যবহার না করার নির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হয়নি। তবে তথ্য থেকে দেখা যায়, দেশে এআই প্রযুক্তির প্রসারের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা, ইন্টারনেট সুবিধা ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

গ্যালাপের জরিপে বাংলাদেশ থেকে ১৫ বছর বা তার বেশি বয়সী প্রায় এক হাজার মানুষের মতামত নেওয়া হয়। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মুখোমুখি সাক্ষাৎকার, টেলিফোন ও অনলাইন পদ্ধতিতে দৈবচয়নের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়। দেশভেদে জরিপের ত্রুটিসীমা ২ দশমিক ২ থেকে ৪ দশমিক ৯ শতাংশ পয়েন্ট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ