ফতুল্লায় মাদ্রাসাভবনে আগুন: জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার গ্রন্থাগারে লাগা আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট নিয়ে ৬৩ শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে। এর মধ্যে একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে। এখনো নতুন রোগী আসছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ভূঁইগড় শান্তিধারায় অবস্থিত মাদ্রাসাটিতে আগুনের সূত্রপাত হয়। পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার গ্রন্থাগার ও অফিস কক্ষে আগুন ধরার পর মুহূর্তে কালো ধোঁয়ায় পুরো ভবন ছেয়ে যায়। আবাসিক শিক্ষার্থীদের অনেকে তখন ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বার্ন ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, কেউ চিকিৎসার অপেক্ষায়, কেউ চিকিৎসাধীন। অসুস্থ ছাত্রদের পাশে থেকে সেবা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা। তাঁদের কেউ কেউ নিজেরাও চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উৎকণ্ঠার ছাপ।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ধোঁয়ায় শ্বাসনালিতে আঘাত পেয়ে শিক্ষার্থীরা হাসপাতালে এসেছেন। কারও শরীরে আগুনে পোড়ার চিহ্ন নেই। প্রাথমিক চিকিৎসার পর বেশির ভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও একজন শিক্ষার্থী নারায়ণগঞ্জের একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, আগুন যেখানে লেগেছিল, সেখানে তখন কোনো শিক্ষার্থী ছিলেন না। তবে ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনে একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বেরিয়ে আসতে পেরেছেন বলে তিনি দাবি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হচ্ছে। আগুনে গ্রন্থাগার ও অফিস কক্ষের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মতামত দিন