চট্টগ্রাম আদালতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৬৩ আইনজীবীর জামিন
আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দিন চট্টগ্রাম আদালতের সামনে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন।
এর আগে এই আইনজীবীরা আদালতে হাজির হয়ে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন করেন। এই সময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
এই বিষয়ে আসামি পক্ষের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘এ মামলায় যে আইনজীবীদের আসামি করা হয়েছে, তারা ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। যিনি মামলা করেছেন তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না। আদালত চার্জশিট বা পুলিশি রিপোর্ট না হওয়া পর্যন্ত আইনজীবীদের জামিন দিয়েছেন।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী সামশুল আলম বলেন, ‘এ ধরনের বিস্ফোরক আইনের মামলায় জজ কোর্ট থেকে জামিন অতীতে আমরা পায়নি। শুনানিতে আদালত জামিনের আদেশ দিয়েছেন।’
প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহী মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানকে ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। এর আড়াই ঘণ্টা পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। সেদিনই দুইপক্ষের সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার চারদিন পরে বাদে চট্টগ্রামের কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন আলিফের ভাই খানে আলম। ভাঙচুর, বিস্ফোরণ ও জনসাধারণের উপর হামলার অভিযোগে করা ওই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে