Views Bangladesh Logo

চট্টগ্রামে অনলাইন প্রতারণার মামলায় ৬৩ বিদেশি দুই দিনের রিমান্ডে

অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহিদুল ইসলাম আজ (১৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

আদালত পুলিশকে ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মামলায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিইউ) ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

আজ সকালে পুলিশি পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানির সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় গত রোববার (১৩ সেপ্টেম্বর) পুলিশ রিমান্ডের আবেদন করে। আজ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, একই মামলায় গ্রেপ্তার মোহাম্মদ মোহসিনকে গত ৫ সেপ্টেম্বর নগরীর একটি কুরিয়ার সার্ভিস থেকে ১১৮ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে তার রিমান্ডও চাওয়া হয়েছে।

মোহসিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর আজ দুপুর সাড়ে ১২টায় শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, মোহসিনের সঙ্গে ওই ৬৩ বিদেশি নাগরিকের যোগাযোগ ছিল এবং তাদের থাকার জন্য তিনি একটি আটতলা ভবন ভাড়া নিয়েছিলেন।

ওসি বলেন, “কয়েক দিন আগে মোহসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার এক ব্যক্তির কাছে ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন। পরে চালানটি ফেরত আসে। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান সম্পর্কে জানতে পারে।”


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ