কুমিল্লায় এক রাতে ১৮ থানায় পুলিশের অভিযান, আটক ৬২৪
কিশোর অপরাধ দমনে কুমিল্লা জেলাজুড়ে রাতভর একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। জেলা পুলিশের পরিচালিত এই বিশেষ অভিযানে অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে বখাটে ও উঠতি বয়সের কিশোরদের উৎপাত বেশি, সেসব স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নেতৃত্ব দেন।
আটকদের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।
অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করে এই কর্মকর্তা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
আটকদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ এবং পরবর্তী কার্যক্রম নিয়ে তিনি জানান, এই অভিযানে আটকদের পূর্বের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হলে জেলায় ‘কিশোর গ্যাং’-এর অপরাধমূলক তৎপরতা নিয়ে সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরই অপরাধীদের দমনে পুলিশ এই ধরনের সাঁড়াশি অভিযান চালাল।
মতামত দিন