৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ
দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে বোর্ড। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।
আদেশে জানানো হয়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম কেন স্থগিত এবং পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগেই ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছিল, যার সময়সীমা ছিল গত ২২ জুলাই পর্যন্ত। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান জবাব দিলেও তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠান এখনও কোনো ব্যাখ্যা দাখিল করেনি। ফলে যেসব প্রতিষ্ঠান এখনও সাড়া দেয়নি, তাদের নতুন করে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বোর্ডের আদেশে আরও উল্লেখ করা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগারসহ পাঠদানের অনুমতির শর্তাবলি নির্ধারিত সময়ের মধ্যে পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা রাখে বোর্ড।
অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমভুক্ত মোট ৬২১টি প্রতিষ্ঠানের নামের তালিকাও প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
মতামত দিন