৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ কার্যকর হবে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতনক্রম ও সংশ্লিষ্ট শর্তের ভিত্তিতে।
এদিকে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে এর আগে ৬৬৮ জনকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করেছিল পিএসসি। তবে বুধবার প্রকাশিত চূড়ান্ত গেজেটে তাঁদের মধ্যে ৬১১ জনের নাম রাখা হয়েছে। ফলে সাময়িকভাবে মনোনীত ৫৭ জনের নাম চূড়ান্ত প্রজ্ঞাপনে নেই। তাঁদের বাদ পড়ার কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগ দেওয়ার পর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্মস্থল বা প্রতিষ্ঠান অনুযায়ী পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে শিক্ষানবিসের মেয়াদ আরও দুই বছর বাড়ানো যেতে পারে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাঁদের চাকরি স্থায়ী করার বিষয়টি বিবেচনা করা হবে।
নিয়োগের সময় সরকারি আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। পরবর্তী সময়ে প্রতি পাঁচ বছর পর সম্পত্তির মূল্য হ্রাস-বৃদ্ধির হিসাবও দাখিল করতে হবে। এছাড়া শিক্ষানবিসকাল বা তা শেষ হওয়ার পর তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণসহ সরকারের বহন করা সংশ্লিষ্ট ব্যয় ফেরত দিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
মতামত দিন