ছয় মাসে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু: আইন ও সালিশ কেন্দ্র
২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন কারাগারে কারা হেফাজতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য সংকলন করেছে।
আসকের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বিচারাধীন (আন্ডার-ট্রায়াল) বন্দি এবং ২৪ জন ছিলেন দণ্ডপ্রাপ্ত বন্দি। অর্থাৎ, মোট মৃত্যুর ৬০ শতাংশেরও বেশি ঘটেছে বিচারাধীন বন্দিদের মধ্যে।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মোট ৩৬ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন বিচারাধীন এবং ১৯ জন দণ্ডপ্রাপ্ত ছিলেন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ আটজন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন ছিলেন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে পাঁচজন করে বন্দির মৃত্যু হয়েছে। দুই বিভাগেই মৃতদের মধ্যে চারজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।
এছাড়াও বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন বন্দির মৃত্যু হয়েছে। রংপুরে মারা যাওয়া দুজনই ছিলেন বিচারাধীন বন্দি। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।
আসক জানিয়েছে, এসব তথ্য দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে সংগ্রহ ও সংকলন করা হয়েছে।
মতামত দিন