সীমান্তে পুশ-ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিরোধে দেশের ২৬ জেলার সীমান্তজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে ৬০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত ২৬ জেলার প্রায় ৪ হাজার ৪৮৭ কিলোমিটার সীমান্ত এলাকায় তারা চারটি পালায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। একসঙ্গে এত বিপুল সংখ্যক বিজিবি সদস্য আগে কখনো সীমান্তে মোতায়েন করা হয়নি।
সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করেছে বিজিবি। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সহায়তা করছেন বলে জানা গেছে।
গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে বিএসএফের ২১টি পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এসব ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ করা হয়। এদিকে সীমান্ত পরিস্থিতি, পুশ-ইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে আগামী ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজিবি জানিয়েছে, যেসব সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ-ইনের আশঙ্কা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর জেলায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে