স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার ইয়াবা, আটক ৩
কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের সময় ছয় হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়িতে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। পরে রামুর রাবার বাগান এলাকায় চট্টগ্রামমুখী যানবাহনে নজরদারি শুরু করা হয়।
একপর্যায়ে সন্দেহভাজন প্রাইভেট কারটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়।
তল্লাশির সময় গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার দেখা যায়। জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার পরিচিত বলে দাবি করলেও যাচাই করে সেই তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
পরে গাড়িটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা করা হয়েছে।
মতামত দিন