ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয় কিশোর কারাগারে
গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয় কিশোরকে সন্ত্রাস দমন আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে তাদের শিশু আদালতে হাজির করা হলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় ছাত্রলীগের একটি মিছিল থেকে ওই ছয় কিশোরকে গ্রেপ্তার করা হয়। মিছিলটি গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে বের করা হয়েছিল বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য, মিছিল থেকে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় মিছিলে থাকা অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তার ছয় কিশোরের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন