Views Bangladesh Logo

মোহাম্মদপুরে ডাকাতি, ছয় আসামি সাতদিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র ্যাবের পোশাক পরে ডাকাতির মামলায় গ্রেপ্তার ছয়জনকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির (৩৬), শরিফুল ইসলাম তুষার (৩৪), মাসুদুর রহমান (৪২), আরিফুল ইসলাম তরফদার (৩০), জাহিদ হাসান (৩৫) ও আব্দুস সালাম (৫০)।

সোমবার (১৪ অক্টোবর) তাদেরকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম। অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে ছয়জনের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে সেনা ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাতদলটি মোহাম্মদপুরের একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।


পরে আসামিদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির নগদ দুই লাখ ২০ হাজার টাকা, চার তোলা (আনুমানিক ৪৬ গ্রাম) স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন জব্দ হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ