Views Bangladesh Logo

কুমিল্লায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন শরিফা বেগম (৬০), ওসমান গনি (১৬), সুফিয়া বেগম (৫০), হোসনেয়ারা বেগম (৫৫), কাজী কবির আহমেদ (৩৫), ও আবু তাহের (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৩ জুন গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দক্ষিণ আলিয়ারা গ্রামের আবুল খায়ের ও শেখ ফরিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আবুল খায়ের থানায় মামলা করলে চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার মামলার প্রধান আসামি শেখ ফরিদকে কুমিল্লার মুরাদনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়, যাতে গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম বলেন, “শেখ ফরিদের লোকজন আগেও আমাদের ওপর হামলা চালিয়েছিল। আজ দুপুরে ফের হামলা করে ও গুলি ছোড়ে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক শিমা মজুমদার বলেন, “দুপুর ১টার দিকে তিনজন নারী ও একজন কিশোর গুলিবিদ্ধ অবস্থায় আসেন। পরে আরও দুজন পুরুষ আসেন। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন,“সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবিদ্ধ হওয়ার কোনো নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ