Views Bangladesh Logo

তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ (মধু), কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি স্বাধীন ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের কর্মী ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের কর্মী মাকসুদুর রহমান বাবলুসহ মোট ছয়জন।

মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমান আদালতে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত তোফায়েল আহমেদের জানাজায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে তোলার সময় একদল ব্যক্তি ‘জয় বাংলা’ ও সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয় এবং অন্যরা সেখান থেকে চলে যান। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ