Views Bangladesh Logo

পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ৬ ডাকাত দুই দিনের রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর পল্লবী এলাকায় এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা ইন্সপেক্টর মো. মাসুদুর রহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। ইন্সপেক্টর মাসুদুর রহমান ছুটিতে ছিলেন। ঈদের ছুটিতে কাঁচাবাজার এলাকায় কেনাকাটার সময় তার সঙ্গে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহ এ রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে থাকা আসামিরা হলেন: আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজীব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুক (৩৩) ও সুমন (১৯)।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সালাহ উদ্দিন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরে কর্মরত ইন্সপেক্টর মাসুদুর রহমান কাঁচাবাজারে কেনাকাটা করছিলেন। তিনি একটি মাংসের দোকানে পৌঁছালে একদল ব্যক্তি, যাদের মধ্যে পরিচিত ও অজ্ঞাতনামা ছিল, তাকে গালাগাল করতে থাকে এবং স্থানীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়।

আক্রমণে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার মোবাইল ফোন, ঘড়ি, স্বর্ণের চেইন ও নগদ টাকা—মোট আনুমানিক ১ লাখ ৪৬ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়া হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে চিকিৎসা শেষে ইন্সপেক্টর মাসুদুর রহমান পল্লবী থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ একই দিন কাঁচাবাজার এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ