Views Bangladesh Logo

অনুপস্থিতির অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম, কক্সবাজারের এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বিভাগীয় তদন্তে এসব কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়ন, অসদাচরণ ও অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কেউ সন্তোষজনক জবাব দেননি।

বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে, সুদীপ কুমার চক্রবর্তী ২২ আগস্ট থেকে এবং ইকবাল হোসাইন ২৮ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজী আশরাফুল আজীম ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজন কুমার দাস ২০২৪ সালের ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুমোদিত ছুটি ভোগের পর ৩১ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কাজে যোগ দেননি। গোলাম রুহানী ২০২৪ সালের ১১ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিভাগীয় মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনার পর তাদের চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হলে কমিশনও বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।

এরপর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিপ্লব কুমার সরকারকে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে, সুদীপ কুমার চক্রবর্তীকে ২২ আগস্ট থেকে, ইকবাল হোসাইনকে ২৮ আগস্ট থেকে এবং কাজী আশরাফুল আজীমকে ১৪ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রাজন কুমার দাসকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এবং গোলাম রুহানীকে ২০২৪ সালের ১১ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়া এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ