যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলের হামলা, ৬ ফিলিস্তিনি নিহত
গাজায় চলমান যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরে গত শনিবার (২৫ নভেম্বর) রাতভর এবং রোববার সকালেও হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার নাবলুস এবং জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ছয়জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রোববার সকালের আগ দিয়ে জেনিনে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে তার বাড়ির পাশে হত্যা করা হয়। এ অঞ্চলের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে।
এএফপির ওই প্রতিবেদনে বলা হয়, রামাল্লাহর কাছে এল-বাইরাহতে আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ ছাড়া আরও চারজন জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণে প্রাণ হারান। শহরটিতে অনেক সাজোয়া যুদ্ধযান নিয়ে ইসরায়েলি বাহিনী প্রবেশ করে।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএফপির ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জেনিনের হাসপাতাল ও ইবনে সিনা ক্লিনিক ঘিরে ফেলে এবং তারা অ্যাম্বুলেন্স খুঁজতে থাকে।
গত শুক্রবার (২৪ নভেম্বর) গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ হয়নি। শুক্রবার থেকে কার্যকর হওয়া চুক্তির শর্ত হিসেবে ৫০ জিম্মিকে ছেড়ে দেবে হামাস এবং ইসরায়েল মুক্তি দেবে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে