সর্বজনীন পেনশনে আসছে ছয় নতুন সুবিধা
সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় ও জনবান্ধব করতে ছয়টি নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে পাঁচ বছর চাঁদা দেওয়ার পর বিশেষ পরিস্থিতিতে জমা অর্থ উত্তোলন, পেনশনভোগীর মৃত্যুর পর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন, ৫৫ বছর বয়স থেকে পেনশন চালু, ইসলামি পেনশন ব্যবস্থা, স্বাস্থ্য বিমা এবং নিবন্ধনকারী প্রতিষ্ঠানের কমিশন বৃদ্ধি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রস্তাবগুলো অনুমোদন পেলে পরবর্তী সময়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ফলে এখনই এসব সুবিধা কার্যকর হচ্ছে না।
বর্তমানে সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস; এই চারটি স্কিম চালু রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এসব স্কিমে মোট নিবন্ধনকারীর সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২৭ জন।
বর্তমান ব্যবস্থায় একবার কোনো স্কিমে যুক্ত হলে সহজে তা থেকে বের হওয়ার সুযোগ নেই। নতুন প্রস্তাবে পাঁচ বছর নিয়মিত চাঁদা দেওয়ার পর কোনো গ্রাহক শারীরিক বা আর্থিকভাবে চাঁদা চালিয়ে যেতে অক্ষম হলে বিশেষ বিবেচনায় জমা অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
পেনশনভোগী মারা গেলে তার মনোনীত স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাবও রয়েছে। বর্তমানে পেনশনভোগী ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা গেলে নমিনি কেবল ৭৫ বছর পর্যন্ত অবশিষ্ট সময়ের জন্য পেনশন পান।
বর্তমান নিয়ম অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ করে ৬০ বছর বয়সে পেনশন পাওয়ার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে সেই বয়স কমিয়ে ৫৫ বছর করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগ ও মুনাফা ব্যবস্থার আওতায় পেনশনের একটি সংস্করণ চালুর বিষয়েও আলোচনা রয়েছে।
পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য বিমা সুবিধা যুক্ত করার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি ব্যাংক, ডাক বিভাগ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহক নিবন্ধন বাড়াতে তাদের কমিশন ১৫ টাকা থেকে ২৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও বিনিয়োগের মুনাফার হারের পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে বর্তমানে পেনশন তহবিলের অর্থ সরকারি ট্রেজারি বন্ডসহ বিভিন্ন বিনিয়োগে রাখার তথ্য দেওয়া হয়েছে।
মতামত দিন