হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮১৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮১৮ শিশু আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৬৪ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০।
এদিকে গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩৩ শিশু। একই সময়ে নতুন করে ৬৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৮২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬৩৮। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জন। একই সময়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মতামত দিন