হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৮
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর আগের ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন শিশু। সাম্প্রতিক মৃত্যুগুলোর মধ্যে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলার শিশুরা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে এখন পর্যন্ত ৪৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৫৮৮ শিশুর মৃত্যু ঘটেছে, যা জনস্বাস্থ্য খাতে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭২ হাজার ৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৫৭ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৭২২ শিশু। অন্যদিকে একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ না করা শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে