Views Bangladesh Logo

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) ভোররাতে ভাসানটেক ১৩ নম্বর কালবার্ট রোড এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মেহরুন্নেছা (৬৫), সূর্য বানু (৩০), লিজা(১৮), লামিয়া (৭), সুজন(৯) ও মো. লিটন (৫২)। এরা সবাই একই পরিবারের সদস্য।

এ বিষয়ে ওই বাসার কেয়ারটেকার রিফাত হোসেন বলেন, লিটন মিয়া নামে এক ফার্নিচার ব্যবসায়ী ওই বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। ভোররাত ৪টার দিকে মশার কয়েল জ্বালাতে গেলে ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে দ্রুত ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

তিনি আরও বলেন, গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে ছিল। কিন্তু পাইপের মাধ্যমে ঘরের মধ্যে চুলার সংযোগ ছিল। ওই চুলার সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে থাকে। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে ধায়।

এ ব্যাপারে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আজ ভোরে মিরপুরের ভাসানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ছয়জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহরুন্নেসার ৪৭ শতাংশ, সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ ও সুজনের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ