Views Bangladesh Logo

টাঙ্গুয়ার হাওরে অভিযানে ৬ হাউসবোটের বিরুদ্ধে মামলা ও জরিমানা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সংরক্ষিত অঞ্চলে প্রবেশ ও পরিবেশদূষণের অভিযোগে পর্যটকবাহী ছয়টি হাউসবোটের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসব হাউসবোটকে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম ও তাহিরপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় ছয়টি পর্যটকবাহী হাউসবোটকে সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের দায়ে অভিযুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত ছয়টি মামলায় মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানের সময় পর্যটক ও হাউসবোট পরিচালনাকারীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও নিয়ম মেনে চলার বিষয়ে সচেতনতামূলক প্রচারপত্রও বিতরণ করা হয়।

এর আগে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা এবং পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। ওই নির্দেশনায় সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী হাউসবোট ও নৌযানের চলাচল নিয়ন্ত্রণ, হাউসবোটের বাধ্যতামূলক নিবন্ধনসহ বিভিন্ন নিয়ম উল্লেখ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বলেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

টাঙ্গুয়ার হাওর ২০০০ সালে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি, যেখানে বিপুলসংখ্যক পরিযায়ী পাখি, জলজ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ