Views Bangladesh Logo

সিলেটে চোরাচালানের চিনি ছিনতাইকালে বিএনপির দুই নেতাসহ গ্রেপ্তার ৬

সিলেটে চোরাই চিনিভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় বিএনপির দুই নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পরদিন বিএনপির ওই দুই নেতাকে বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি। তারা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার প্রয়াত চানা মিয়ার ছেলে মহানগরীর ২৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন (৪২) এবং ভার্থখলার সোনালী আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৪৩)।

সোমবার (১৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ওই দুই নেতাকে বহিষ্কারের কথা জানান মহানগর বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার অন্য চারজন হলেন, সিলেট সদর উপজেলার বাটেশ্বর গ্রামের মালাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহমদ (৩২), জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল গ্রামের মমতাজ আলীর ছেলে তোফায়েল আহমদ (২৬), গোয়াইনঘাট উপজেলার মঈন উদ্দিনের ছেলে শাহীন আহমদ (২৫) এবং মঈন উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৪ অক্টোবর) মধ্যরাতে জৈন্তাপুর থেকে ট্রাকে ২৫০ বস্তা ভারতীয় চিনি নিয়ে যাওয়া হচ্ছিল। পেছনে একটি কালো রঙের মাইক্রোবাসে চার চোরাকারবারি ট্রাকটিকে অনুসরণ করছিলেন। পথে একদল লোক চিনির চালান ছিনতাইয়ের চেষ্টা চালান। তারা একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে চিনির ট্রাকটিকে ধাওয়া করেন। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করতে পারলেও ডাকাতিতে জড়িত আরও কয়েকজন পালিয়ে যান।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী জানান, সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ব্রিজ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে চোরাচালানের অভিযোগে চারজন এবং চিনির চালান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজন গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।








মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ