Views Bangladesh Logo

নড়াইলে বাবা-ছেলেসহ চারজনকে হত্যার ঘটনায় আটক ৬

নড়াইল সদর থানার বড়কুলা গ্রামে এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। তবে এখনও কোনো পক্ষ মামলা করেনি।

ভোররাতে সংঘটিত হত্যার পর সোমবার রাতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে বনি শিকদার, বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির, কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা, সদরের তারাপুর গ্রামের রুহুল মোল্যার ছেলে সদয় মোল্যা, তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য্য শিকদার এবং সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে নড়াইল সদর থানার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের সমর্থকেরা জড়িত ছিলেন। এ সংঘর্ষে উভয় পক্ষের চারজন নিহত হন এবং ছয়-সাতজন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ নিহত হন। সংঘর্ষের পর প্রতিপক্ষের বিক্ষুব্ধ লোকজন কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, বড়কুলা গ্রামে নিহতের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ