প্রেমিকের কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬
যশোরের অভয়নগরে প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হওয়া এক কিশোরীকে (১৬) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাতে ভুক্তভোগীর প্রেমিক বাদী হয়ে অভয়নগর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—আরজান গাজী (৩০), হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) এবং শফিক মোল্যা (৪৪)। তারা সবাই শংকরপাশা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার রাতে প্রেমিক-প্রেমিকা ইজিবাইকে করে ঘুরছিলেন। এ সময় অভিযুক্তরা তাদের পথরোধ করে প্রেমিককে মারধর করেন এবং কিশোরী ও ইজিবাইক ছিনিয়ে নেন। পরে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, পরে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে প্রধান অভিযুক্ত আরজান গাজী অন্যদের সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করেন।
মামলার বাদী বলেন, ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশায় তিনি থানায় ধর্ষণ ও চাঁদাবাজির মামলা করেছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন