সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
সন্ধ্যার মধ্যে দেশের ছয়টি জেলায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় দেশের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত ২ নম্বর উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত নম্বর ১ দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিন আবহাওয়া অস্থির থাকতে পারে। বিশেষ করে নৌ পরিবহন সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে