হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩১৭
দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছিল, বাকি চারজনের ক্ষেত্রে উপসর্গজনিত জটিলতায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এ সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ১৮৬ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।
মৃতদের মধ্যে ঢাকায় দুই শিশু, খুলনা ও রাজশাহীতে একজন করে এবং সিলেটে আরও দুই শিশু মারা গেছে বলে জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে মোট মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে প্রায় ৪২ হাজার ৯৭৯ শিশুর শরীরে। এর মধ্যে ২৯ হাজার ৮৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এছাড়া এখন পর্যন্ত ৫ হাজার ৭২৬ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে