Views Bangladesh Logo

শেরপুর-৩ উপনির্বাচন: জাল ভোট দিতে এসে ৬ যুবক আটক

শেরপুর-৩ আসনের সংসদীয় উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ছয় যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে লংপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— জহুরুল, মাসুদ রানা, খোকন, পিপুল, আরিফুল এবং লাইজু মিয়া।

প্রিসাইডিং অফিসার আবদুর রউফ বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই জাল ভোট দিতে আসেন। এ সময় আমাদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের রুমে আটক করে রাখা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের থানা হেফাজতে নিয়ে যান।’

এই বিষয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন জানান, আটককৃত ব্যক্তিদের থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং কাঁচি প্রতীক নিয়ে বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।’

কোনও ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই উল্লেখ করে তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ