ইউক্রেনের মেইল ডিপোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬
ইউক্রেনের উত্তরপূর্ব খারকিভ অঞ্চলের মেইল ডিপোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা এক ভিডিও ফুটেজে ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার একটি গুদাম ঘর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, “দখলদারদের হামলায় হতাহতরা কোম্পানির কর্মচারি ছিল এবং তারা নোভা পোশতা ডিপোর ভিতরে ছিল।”
তিনি আরও বলেন, নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা তাদের জীবন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন।
আঞ্চলিক প্রসিকিউটর দপ্তরের দেওয়া তথ্যমতে, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ার বাহিনী এস-৩০০ নামের অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসবের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ডাক গুদামে আঘাত হানে। সূত্র:এএফপি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে