Views Bangladesh Logo

লিবিয়ার টর্চার সেলে কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা

দারিদ্র্য থেকে মুক্তি আর উন্নত জীবনের আশায় ইতালিতে যাওয়ার পথে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি হয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় যুবক। তাদের মুক্তির জন্য মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করছে অপহরণকারীরা। এ ঘটনায় স্বজনরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন।

জিম্মি হওয়া যুবকেরা হলেন—মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)।

স্বজনদের অভিযোগ, ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে স্থানীয় দালালচক্র তাদের কাছ থেকে ১৮ থেকে ২০ লাখ টাকা করে নেয়। কয়েক মাস আগে যুবকদের লিবিয়ায় নেওয়ার পর প্রথমে একটি চক্রের হেফাজতে রাখা হয়। সম্প্রতি তাদের আরেকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারগুলোর ভাষ্য, গত ১৫ থেকে ২০ দিন ধরে একটি গোপন আস্তানায় আটকে রেখে জনপ্রতি ২৫ লাখ টাকা, মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। টাকা আদায়ের জন্য যুবকদের ওপর নির্মম নির্যাতনের ভিডিও ইমো ও হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। এসব ভিডিও দেখে পরিবারগুলো চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।

মানিকুল ইসলামের বাবা মাহবুবুর রহমান জানান, ইতালিতে পাঠানোর কথা বলে স্থানীয় এক দালালের মাধ্যমে ২০ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তার ছেলেকে মানবপাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়। এখন মুক্তিপণের দাবিতে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে।

একই অভিযোগ করেছেন মেহেদী হাসানের বাবা শাহআলম। তিনি বলেন, ১৮ লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালি পাঠানোর ব্যবস্থা করা হলেও বর্তমানে সে লিবিয়ায় জিম্মি হয়ে নির্যাতনের শিকার হচ্ছে।

এদিকে নির্যাতনের ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্থানীয় দালাল ও তার পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। লিবিয়ায় অবস্থানরত মূল দালালের সঙ্গেও এখন আর যোগাযোগ করা যাচ্ছে না।

সন্তানদের জীবিত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।

তবে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ