ঢাবিতে ছয় ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শাহবাগে, ৬টা ৪৫ মিনিটে মুক্তি ও গণতন্ত্র তোরণের নিচে এবং ডাকসু ভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে টিএসসি মেট্রোরেল স্টেশনের পাশে ও সিনেট ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব স্থানে মোট ছয়টি ককটেল বিস্ফোরিত হয়।
পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় তিন সন্দেহভাজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন নাটোরের গুরুদাসপুরের মো. রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়ার আব্দুস সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ (৩৩)।
পুলিশ জানিয়েছে, এসব বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।
মতামত দিন