দায়িত্ব নিলেন ছয় সিটির প্রশাসক
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে তারা মন্ত্রীর সঙ্গে দেখা করার পর নিজ নিজ দায়িত্ব নেন।
নতুন প্রশাসকদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আবদুস সালাম, ঢাকা উত্তর সিটিতে শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মনজু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে শওকত হোসেন সরকার রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগে এসব পদে সরকারি কর্মকর্তারা থাকলেও রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দিলে জনগণ আরও ভালো ও বেশি সেবা পাবে বলে সরকারের বিশ্বাস। এতে জনগণের সঙ্গে দূরত্বও কমে আসবে বলে তিনি মনে করেন।
সোমবার সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে