ঢামেকের মর্গে জুলাই গণঅভ্যুত্থানের ৬টি বেওয়ারিশ লাশের সন্ধান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরও ছয় বেওয়ারিশ লাশের সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজেদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে শহীদ অশনাক্ত ৬টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।
আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলেও জানান থানার ওসি।
মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’।
জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।
কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে