শ্রীপুরে বিএনপির ৬ নেতা-কর্মীকে আজীবন বহিষ্কার
গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পণ্ড করার ঘটনায় বিএনপির ৬ নেতা-কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মণ্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন—গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু এবং বর্তমান সদস্য আরমান আলী, মাহবুব আলম ও রফিকুল ইসলাম।
গত রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালীন সারোয়ার আউয়াল ও তাঁর ভাই আরমান আলীর নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শুরু হওয়ার পর দলবল নিয়ে হাজির হন গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আউয়াল ও তার ভাই আরমান আলী, আব্দুল মান্নান মাস্টারসহ ১০-১৫ জন। তারা প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিনের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় বিদায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ইউনিয়ন বিএনপিকে তদন্তের নির্দেশ দিয়েছিলাম। শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটানোয় দোষী প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, সংসদ সদস্যের নির্দেশে গত সোমবার জরুরি সভা ডেকে অভিযুক্তদের বহিষ্কারের জন্য উপজেলা বিএনপির কাছে রেজুলেশন পাঠানো হয়েছিল।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মণ্ডল আজাদ বলেন, ‘শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। এ কারণেই ৬ নেতা-কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে