দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে দোকানটির ভেতরের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। গুরুতর আহত ব্যক্তিকে জরুরি চিকিৎসার জন্য কুইন্সটাউন হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
জানা গেছে, নিহত ও আহত সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্তকাজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
এমন মর্মান্তিক দুর্ঘটনা এটিই প্রথমবার নয়। এর আগে ২০১৮ সালের ২০ অক্টোবর উত্তর-পশ্চিম প্রদেশের ‘ব্রিটস’ এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন বাংলাদেশি নিহত হন, যাদের মধ্যে ফেনীর দাগনভূঞার একই পরিবারের তিনজন সদস্য ছিলেন। এ ছাড়াও ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিৎজবার্গে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন বাংলাদেশি প্রাণ হারান।
মতামত দিন