Views Bangladesh Logo

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে টানা পঞ্চম দিনের বিক্ষোভ, কুশপুতুল দাহ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছেন শ্যামনগরের বাসিন্দারা।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বাবলাতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।

স্থানীয় ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও মো. রাসেল হোসেনসহ স্থানীয়রা। তারা সংসদ সদস্যের পদত্যাগের দাবি জানান।

গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী।

এ ঘটনার পর এলাকায় ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। এরই মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়ে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি পাঠায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ