Views Bangladesh Logo

সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে নারী ও শিশুসহ ৯ জনের প্রাণহানির ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী ৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে গঠিত এই কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগের একজন করে প্রতিনিধি এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে রাখা হয়েছে।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সময় মহাসড়ক ফাঁকা ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এটি শুধুই প্রাথমিক অনুমান। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেলা প্রশাসক জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ, আনুষঙ্গিক বিষয়াদি ও দায়দায়িত্ব নিরূপণে কমিটি কাজ করবে এবং আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন, এ ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার সকাল প্রায় ৭টা ১০ মিনিটের দিকে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় 'ইউনিক পরিবহন' ও 'বেঙ্গল পরিবহন' নামের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত ও ১৬ জন আহত হন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। পরে ৩ থেকে ৪ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি প্রাণ হারান।

খবর পেয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ