Views Bangladesh Logo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মইনুদ্দিন খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত অধিদপ্তরের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী।

এর আগে সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের সময় আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে কয়েকজন আহত হন।

এদিকে, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন।

আগুনের ঘটনার পর চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর জানান, নিহত চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। অন্য দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের প্রকৃত কারণ, হতাহতের পরিস্থিতি এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ