Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, ১৫ কার্যদিবসে প্রতিবেদন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বিসিবির নির্বাচনে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা দুই দফায় এনএসসিতে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএসসির যুগ্মসচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, ২০২৫ সালের নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার’ সংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই ও প্রয়োজনীয় সুপারিশ দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হকের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান।

সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫–এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হবে। একইসঙ্গে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা পরীক্ষা করে ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে সুপারিশ দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন এনএসসিতে দাখিল করার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ