ক্লাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৯ জন এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
'প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হৈ-চৈ করে বিশৃঙ্খলা সৃষ্টি'র অভিযোগে পৃথকভাবে তাদের নোটিশ দেওয়া হয়।পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।
এ বিষয়টি নিশ্চিত করে পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞা বলেন, 'এটা একটা রুটিন ওয়ার্ক। শৃঙ্খলা ভঙ্গ করলে এ ধরনের নোটিশ দেওয়া হয়ে থাকে। এটা একাডেমির একদম শুরু থেকে হয়ে আসছে। এর মধ্যে কোনো রাজনীতি নাই।'
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৪৯ জনকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, 'আপনি বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীতে ৪০তম ক্যাডেট এসআই ২০২৩ ব্যাচে গত ৫ নভেম্বর থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণরত আছেন। গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা চেমনি মেমোরিয়াল হলে প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের 'আইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারা'র ওপর ক্লাস ছিল। ওই ক্লাসে আইন প্রশিক্ষক হিসেবে পুলিশ পরিদর্শক (নি.) মো. রেজাউল করিম, মো. নজরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম ও শেখ শাহীন রাজা উপস্থিত ছিলেন। তারা ক্লাসে উপস্থিত হয়ে দেখতে পান আসনে বসার সময় আপনি শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হৈ-চৈ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। রেজাউল করিমসহ সঙ্গীয় অন্যান্য পরিদর্শকেরা বারবার শৃঙ্খলার সঙ্গে বসার কথা বললেও আপনি তাদের নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে হইচই করতে থাকেন। পাঠদান চলাকালীন আপনার ক্লাসে কোনো মনোযোগ ছিল না এবং পাশাপাশি বসে কথাবার্তা বলছিলেন।'
আরও বলা হয়, 'ক্লাস চলাকালীন আপনার এ ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম–শৃঙ্খলার পরিপন্থী মর্মে মো. রেজাউল করিম বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষের বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন। আপনার এ কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ১৯৪৩ সালের পিআরবি বিধি অনুযায়ী আপনাকে কেন চলমান মৌলিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।'
এর আগে গত ৮ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে (উপপরিদর্শক) শোকজ দেয় সারদা পুলিশ একাডেমি। পরে তাদেরকে দায়িত্ব গ্রহণের পূর্বেই অব্যাহতি দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে