বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগর ও আশপাশের সমুদ্র এলাকায় সব ধরনের মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে।
তিনি জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুদ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া, বৈশাখ মাসে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে