তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প: এক শিশুর মৃত্যু, আহত ৬৯
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশের মারমারিস উপকূলে মঙ্গলবার ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরী মারা গেছে এবং অন্তত ৬৯ জন আহত হয়েছেন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।
মুগলার গভর্নর ইদ্রিস একবিয়িক জানান, ভূমিকম্পে সৃষ্ট আতঙ্কে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারমারিস উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে, ভূমধ্যসাগরের প্রায় ৬৭ কিলোমিটার গভীরে। যদিও বড় ধরনের কোনো ভৌত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, অনেকেই আতঙ্কে ভবন ছেড়ে নামতে গিয়ে আহত হন।
গভর্নর একবিয়িক জানান, ভূমিকম্পে আহতদের মধ্যে ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ৪৬ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১১টি প্রদেশে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে