Views Bangladesh Logo

গাজা যুদ্ধে অন্তত ৫৭ সাংবাদিক নিহত: সিপিজে

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে অন্তত ৫৭ সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে অলাভজনক সংগঠন 'কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)'।

নিউইয়র্ক-ভিত্তিক এ সংগঠনের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধে ২৫ নভেম্বর পর্যন্ত অন্তত ৫৭ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে ৫০ জনই ফিলিস্তিনি। এ ছাড়াও আছেন চারজন ইসরায়েলি এবং তিনজন লেবানিজ। আরও তিন সাংবাদিক এখনও নিখোঁজ, ১১ জন আহত এবং ১৯ জন আটক হয়েছেন বলে জানা গেছে। এই যুদ্ধ শুরুর পর সাংবাদিকদের জন্য প্রাণঘাতী ভয়ংকর দুটো দিন ছিল ৭ অক্টোবর ও ১৮ নভেম্বর। এতে যথাক্রমে ছয়জন এবং পাঁচ সাংবাদিক নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রয়টার্স ও এএফপি-কে জানায়, গাজা উপত্যকায় কর্মরত তাদের সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না ইসরায়েল। এই দুই সংবাদ সংস্থা গাজায় কর্মরত তাদের সাংবাদিকরা যেন ইসরায়েলি হামলার শিকার না হন সে দাবি তোলে।

ইসরায়েলের স্থল আক্রমণ এবং বিমান হামলার মাঝে কাজ করতে গিয়ে সাংবাদিকরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। সেখানে আরও রয়েছে যোগাযোগ বিঘ্নতা, প্রয়োজনীয় পণ্যের ঘাটতি এবং বিদ্যুৎ বিভ্রাট।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রাম সমন্বয়কারী শেরিফ মনসুর বলেছেন, এই হৃদয়বিদারক যুদ্ধ কভার করার জন্য সমগ্র অঞ্চলের সাংবাদিকরা ত্যাগ স্বীকার করছেন। বিশেষ করে যারা গাজায় রয়েছেন তাদেরকেই সবচেয়ে বেশি হারাতে হচ্ছে। তারা মৃত্যুর মুখে রয়েছেন। অনেকে সহকর্মী ও পরিবার হারিয়েছেন।

আরও কিছু অসমর্থিত বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সিপিজে। এর মধ্যে রয়েছে সাংবাদিক ও মিডিয়াকর্মীদের হত্যা, গুম, আটক, নির্যাতন অথবা হুমকি প্রদান, মিডিয়া অফিস কিংবা সাংবাদিকদের বাড়িতে হামলা ইত্যাদি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ