মালয়েশিয়ায় আটক অবৈধ ৫৬ বাংলাদেশি
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় ‘অপস মাহির’ নামে একটি যৌথ অভিযানে ৬২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি, ৪ জন নেপালি, একজন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।
গত ২১ এপ্রিল অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট শাখা এ অভিযান পরিচালনা করে। এতে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১১২ জনের নথিপত্র যাচাই করা হয়। যাচাই শেষে অবৈধ অবস্থান ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৬২ জনকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক অভিবাসীরা অন্য কোম্পানির নামে ইস্যুকৃত অস্থায়ী কর্ম ভিসা (পিএলকেএস) ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করছিলেন। তারা অনুমোদিত নিয়োগকর্তার পরিবর্তে ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যা ভিসার শর্ত ভঙ্গের শামিল।
অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু আইন লঙ্ঘনই নয়, বরং পরিকল্পিতভাবে নিয়মের ফাঁকফোকর ব্যবহার করার চেষ্টা। এর পেছনে কোনো চক্র জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী একাধিক অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং ভিসা ও পাসপোর্টের অপব্যবহার।
তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপো ও কেএলআইএ ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য তিনটি ‘চার্জ টু উইটনেস’ জারি করা হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং বিদেশি শ্রমিক বা নিয়োগকর্তা—কারও ক্ষেত্রেই আপস করা হবে না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে