‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর: ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে শ্রদ্ধা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতার অনন্য দৃষ্টান্ত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ সংগীতচিত্র ‘দ্য লিগ্যাসি’।
১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর এর উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের সহায়তায় বিশ্বজুড়ে মানবতার প্রতীক হয়ে ওঠে।
ঐতিহাসিক সেই আয়োজনের স্মরণে সংগীতশিল্পী জাহাঙ্গীর আলম (শ্রাবণ) নির্মাণ করেছেন ‘দ্য লিগ্যাসি’। এতে রবিশঙ্করের কালজয়ী ‘বাংলা ধুন’-এর সুরের সঙ্গে সত্যজিৎ রায়-এর জনপ্রিয় গান ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, ইতিহাস, দেশপ্রেম ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে একসূত্রে গেঁথে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
সংগীতচিত্রে সেতার বাজিয়েছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান, সাজিয়া সুলতানা পুতুল ও বর্ণালী সরকার।
জাহাঙ্গীর আলম (শ্রাবণ) বলেন, ‘দ্য লিগ্যাসি’ শুধু একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার প্রয়াস নয়; এটি সংগীতের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, মানবতার বার্তা এবং ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ। একই সঙ্গে এতে পণ্ডিত রবিশঙ্কর ও সত্যজিৎ রায়ের সৃষ্টিশীল অবদানের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে।
মতামত দিন