Views Bangladesh Logo

আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ধর্ষণের শিকার ৫৪

বাংলাদেশে চলতি বছরের আগস্ট মাসে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। একই সময়ে ৫৪ জন নারী ও কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ২৫২ জন নারী ও কন্যাশিশু।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে আগস্ট মাসের এই তথ্য সংকলন করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানায়, আগস্টে ১১৮ কন্যাশিশু ও ১৩৪ নারীসহ মোট ২৫২ জন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১০ কন্যাশিশু ও ৪৫ নারীসহ মোট ৫৫ জনকে হত্যা করা হয়েছে।

পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে ৩৬ কন্যাশিশু ও ১৮ নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া আট কন্যাশিশুসহ ১৩ জনকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। একই সময়ে ১১ কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া ২৪ কন্যাশিশুসহ ৩০ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ১২ কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের শিকার এবং আট কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তের শিকার হয়েছেন। চার কন্যাশিশুসহ সাতজনের ওপর সাইবার সহিংসতা চালানো হয়েছে।

মহিলা পরিষদ আরও জানায়, আগস্টে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

পরিষদের সংকলিত হিসাবে, আগস্টে প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশু কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ