Views Bangladesh Logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, অবিস্ফোরিত ককটেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিভাগভিত্তিক হিসাবে মিরপুর থেকে সর্বোচ্চ ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪, তেজগাঁওয়ে ৭৪, গুলশানে ৬২, মতিঝিলে ৪৮, লালবাগে ৪২, উত্তরা বিভাগে ৩৭ এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের অভিযানে ১ হাজার ১২১টি ইয়াবা বড়ি ও ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি অ্যান্টি-কাটার, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি অটোরিকশা, ১৫টি মুঠোফোন ও ১৩টি সিমকার্ড। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ