চালানে মিলল ৫৪০ কেজি অতিরিক্ত পণ্য, ১৯ লাখ টাকার বেশি জরিমানা
চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত একটি পণ্যচালানে ঘোষণার তুলনায় ৫৪০ কেজির বেশি অতিরিক্ত পণ্য পাওয়ায় আমদানিকারকের কাছ থেকে অতিরিক্ত শুল্ক, কর, অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা রেইনবো করপোরেশনের আমদানিকৃত একটি চালান কায়িক পরীক্ষা করেন। গত ৫ জুলাইয়ের বিল অব এন্ট্রির আওতায় আনা চালানটি পরীক্ষার সময় ঘোষিত তথ্যের সঙ্গে পণ্যের ওজনে উল্লেখযোগ্য অসামঞ্জস্য ধরা পড়ে।
পরীক্ষায় দেখা যায়, চালানে ৬ হাজার ৭০৪ কেজি ৫৬০ গ্রাম চকলেট ঘোষণা করা হলেও প্রকৃত ওজন পাওয়া যায় ৭ হাজার ১৩২ কেজি ২৫০ গ্রাম। একইভাবে ২ হাজার ৫৭২ কেজি ১৬০ গ্রাম ওয়েফার ঘোষণা করা হলেও প্রকৃত ওজন পাওয়া যায় ২ হাজার ৬৮৪ কেজি ৮৮০ গ্রাম।
সব মিলিয়ে ঘোষণার তুলনায় ৫৪০ কেজি ৪১০ গ্রাম অতিরিক্ত পণ্য পাওয়া যায়, যা ঘোষিত নিট ওজনের প্রায় ৫ দশমিক ৮৩ শতাংশ বেশি।
এ ঘটনায় বিচারাদেশের মাধ্যমে ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত শুল্ক-কর, ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং ১ লাখ টাকা বিমোচন জরিমানা আদায় করা হয়েছে। ফলে মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।
মতামত দিন