Views Bangladesh Logo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১১ হাজার ১৫১টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে আবেদন জমা পড়েছে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে ১১২টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে ৩ হাজার ১৩১টি আবেদন জমা হয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ শীর্ষক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তির আলোকে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেন।

আবেদনকারীদের মধ্যে পুরুষ প্রার্থী ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থী ৫ হাজার ৭১৮ জন।

তিনি আরও জানান, পরীক্ষা গ্রহণের পর নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সক্রিয়ভাবে চলমান রয়েছে। পাশাপাশি দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রোধে প্রতি বছর দুই দফায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ